চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি বলেছেন, জনগণের চাহিদা অনুযায়ী আমাদেরকে পরিকল্পিত টেকসই উন্নয়ন করতে হবে। এক্ষেত্রে আমাদের পরিবেশ ও পরিস্থিকেও গুরুত্ব দিতে হবে। কাজের ক্ষেত্রে কোন অপচয় করা যাবে না। কারণ স্থানীয় সরকারের অধীন সকলকেই জবাবদিহির মধ্যে থাকতে হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতিবিময়কালে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংসদীয় এলাকার অধিকতর গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এই কার্যালয়ের মাধ্যমে গ্রামীণ সড়ক নির্মাণ ও রক্ষনা বেক্ষণ করতে হয়। এরপর গুরুত্ব হচ্ছে বিদ্যুৎ বিভাগ। কারণ বিদ্যুৎ ছাড়া আমাদের সব কিছু অচল। বিদ্যুৎ বিভাগের লোকদেরকে সতর্ক থেকে কাজ করতে হবে। একই সাথে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তি প্রয়োগ করতে হবে।
ড. সেলিম মাহমুদ বলেন, স্থানীয় সরকারের কাজগুলো মাঠ পর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যন্ত জড়িত। একসময় সচিবরা প্রধান নির্বাহী থাকলে এখন সংশ্লিষ্ট মন্ত্রীই হচ্ছে প্রধান। যে কারণে কাজের বিষয়ে জাতীয় সংসদে মন্ত্রী এবং এমপিদের জবাব দিহি করতে হয়। আমি আশা করব সরকারি প্রত্যেকটি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সঠিকভাবে তার নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন।
সভায় বক্তব্য দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রমূখ।
এ সময় কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবু রহমানসহ সরকারি বিবিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত ৭ জানুয়ারি ড. সেলিম মাহমুদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এই প্রথম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়।
এর আগে তিনি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
ফম/এমএমএ/



