দ্বীন কায়েমের কাজ না করলে পেশি শক্তি ঘাড়ে চেপে বসবে

চাঁদপুর শহর জামায়াতের সহযোগী সদস্যদের নিয়ে সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী

প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর : মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) রাতে শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সে বৈশাখী চাইনিজ রেষ্টুরেন্টে সমাবেশের আয়োজন করে চাঁদপুর শহর জামায়াত।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।
তিনি বক্তব্যে বলেন, আল্লাহ আমাদের অনেক নেয়ামত দিয়েছেন। একটি সুন্দর দেহ ও প্রাণ দিয়েছেন। এখন আমরা এগুলো কাজে লাগাচ্ছে কীনা। বর্তমান খুবই সুন্দর পরিবেশে আমরা সঠিকভাবে কাজ করছি কীনা এর জন্য আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। যদি কাজ না করেন, তাহলে আবারও পেশি শক্তি আমার-আপনার ঘাড়ের ওপর চেপে বসবে।

আল্লাহর কোন কথায় সন্দেহ করা যাবে না। আমাদেরকে সচেতন হতে হবে। পেশিবাদ মুক্ত হয়ে আমাদের আবেগ ও উল্লাসে পেটে পড়ার দরকার নেই। আপনারা দেখেছেন এটিএম আজহারুল ইসলামের মুক্তির পর আমির জামায়াত বলেছেন কোন উল্লাস নয়, দোয়া করেন।

তিনি বলেন, এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব আমাদের সকলের। দ্বীন কায়েমের কাজ কারো একার নয়। এটি ফরজে কেফায়া নয়, এটি ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন দ্বীন কায়েমের কাজও ফরজে আইন। কোন সমাজে দ্বীন কায়েম হওয়ার আগ পর্যন্ত কাজ করা ফরজে আইন। জামায়াতে ইসলামী সে দ্বীন কায়েমের কাজই করে যাচ্ছে।

এই নেতা বলেন, দ্বীন কায়েমের কাজে আপনি যত তৎপর হবেন, এর সুফলও আপনি পাবেন। বিপরীত চলাচল করলে বিপদের সম্মুখীন হবেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, যে ব্যাক্তি সঠিক পথে চলবে, সেই সুফল ভোগ করবে। আর যিনি বাঁকা পথে চলবে সেটার কুফলও সে নিজে ভোগ করবে।

সভাপতিত্ব করেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাজাহান খান। সঞ্চালনায় ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।

সমাবেশে চাঁদপুর শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সহযোগ্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম