ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি কচুয়ার আকাশ

কচুয়া (চাঁদপুর)  : ​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের নতুন বর্ধিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কচুয়ার কৃতিসন্তান ও ছাত্রনেতা মো. আকাশ মিয়াজী।

মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। ​আকাশ মিয়াজী এর আগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি পরিবারের সন্তান আকাশ মিয়াজী ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। নিজ এলাকা কচুয়ায় ছাত্র রাজনীতির মাধ্যমে বর্ণাঢ্য ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১ নং হরিপুর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসার পর তিনি মহানগর দক্ষিণ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।

​আকাশ মিয়াজীর রাজনৈতিক পথচলা ছিল নানা চড়াই-উতরাই ও ত্যাগে ভরা। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কচুয়া ও মতিঝিল থানায় তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। ২০১৫ সালে তাকে কচুয়ার সাচার এলাকা থেকে গ্রেফতার করে চাঁদপুর কারাগারে পাঠানো হয়, যেখানে তিনি কোনো বিচার ছাড়াই দীর্ঘ ৪০ দিন কারাভোগ করেন। এছাড়া স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি চারবার হামলার শিকার হয়েছেন।

​নতুন দায়িত্ব প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. আকাশ মিয়াজী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমি সব সময় রাজনীতির মাঠে অটল ছিলাম। একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসেবে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।

​তার এই সাফল্যে কচুয়া উপজেলাসহ তার রাজনৈতিক অঙ্গনের কর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম