চাঁদপুর: মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৬টি মশারি ও ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, বিশেষ কম্বিং অপারেশন-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌপুলিশ এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর এর যৌথ উদ্যোগে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ৬ টি মশারি জাল, ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেনসহ কোস্ট গার্ডের সদস্যরা।
পরবর্তীতে জব্দকৃত জাল কোস্টগার্ড চাঁদপুরে স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ফম/এমএমএ/


