চাঁদপুর শহরের উপর চাপ কমাতে উপশহর গড়ে তোলার পরিকল্পনা

চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেছেন, চাঁদপুর জেলা শহরের উপর চাপ কমাতে একটি উপশহর গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জেলা শহরে যানজট পরিস্থিতি ও সম্ভাব্য করণীয় শীর্ষক সেমিনার” এ প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

তিনি বলেন, যানজট নিরসনের দায়িত্ব কি শুধুমাত্র চাঁদপুর পৌরসভা, পুলিশ প্রশাসন এবং সড়ক বিভাগের ! এ ছাড়া অন্যদের কি কোন দায়িত্ব নেই। সরকারিভাবে দায়িত্ব হচ্ছে এ কয়েকটা বিভাগের। তবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আমরা সরকারি কর্মচারী যখন রাস্তায় নামব তখন আমরা যাত্রী এবং পথচারী বিবেচনা করে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সেমিনারে যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে এক নাম্বারে চাঁদপুর বাস স্ট্যান্ড সংস্কার। দুদিন আগে আমি বাসস্টেন্ড করে পরিদর্শন করেছিলাম বিশাল এলাকা জুড়ে। কিন্তু খুব অল্প একটু জায়গা হচ্ছে ব্যবহার উপযোগী। বাকি জায়গা হচ্ছে খানা খন্দক এবং ব্যবহারের অনুপযোগী। বাসস্ট্যান্ড সংস্কার করা দরকার। সংস্কার করার পর বাস যদি বাইরে আসে ভিতরে না গিয়ে তাহলে আমরা ব্যবস্থা নিব। একটা প্রকল্প নিতে হবে পৌরসভা থেকে বাস স্ট্যান্ড সংস্কারের জন্য। আরেকটা প্রস্তাবনা এসেছিল চালকদের বিশ্রামের জন্য। বাস স্ট্যান্ডে অনেক বড় জায়গা আছে তার মধ্যে সম্ভব। চাঁদপুর রেলওয়ে স্টেশন এক পাশে নেওয়ার জন্য আমরা রেলওয়ে মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠাবো। ইচলী ব্রিজের জন্য প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। বাবুরহাট থেকে ওয়ারলেস হয়ে ইলিশ চত্বর পর্যন্ত চারলেন সড়কের প্রস্তাবনা দেওয়া হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা। জেলা প্রশাসনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি যানজট নিরসনে চাঁদপুর শহর সার্ভে করে এ প্রতিবেদন তৈরী করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান।

স্বাগত বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খিশা।

আরো বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী, বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবির, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) প্রবীর চক্রবর্তী, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি এম এ লতিফ, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন খান আকাশ,  প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর ফারুক, সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির কার্যকরী সভাপতি লিটন মোল্লা।

সেমিনারে অংশীজনরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম