চাঁদপুর : চাঁদপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে নেতাকর্মীদের মাধ্যমে শীতবস্ত্র (কম্বল) বিতরণ হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সংগঠনের জনশক্তির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
তিনি বক্তব্যে বলেন, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতা থেকে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শীতের শুরুতেই দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট বেড়ে যায়। বিশেষ করে যারা দিনমজুর, প্রবীণ, নারী ও শিশু তাদের জন্য শীত অনেক সময় দুর্ভোগে রূপ নেয়। আমাদের সমাজে যারা সামর্থ্যবান, তাদের উচিত প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণ আমাদের বার্ষিক সামাজিক সেবামূলক কার্যক্রমের একটি অংশ মাত্র। মানবিক দায়বদ্ধতার কারণে আমরা চেষ্টা করি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে কিছু করতে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ বা প্রাকৃতিক কষ্টে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে শুধু রাজনৈতিক নয়, মানবিকতার ভিত্তিতে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা জরুরি। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এক ধরনের সামাজিক বন্ধন তৈরি করে। যেখানে সম্পদবান ব্যক্তি ও সংগঠনগুলো একত্রিত হয়ে মানুষের উপকারে আসে। আমরা আশা করি এই শীতেও কেউ যেন অবহেলিত বা কষ্টে না থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সহ-সেক্রেটারি মো. সবুজ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সেক্রেটারি মো. ইমরান খান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. কামাল হোসেন সর্দার, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মো. শাহজালাল, তরপুরচন্ডি ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন বন্দুকসী প্রমুখ।
সবশেষে শীতার্তদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও জনশক্তিদের হাতে কম্বল তুলেদেন অতিথিরা।
ফম/এমএমএ/



