চাঁদপুর: চাঁদপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের মধ্য তরপুরচন্ডী গ্যাস কোম্পানী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ডুবাই প্রবাসী রফিকুল ইসলাম (৪২) কে কুপিয়ে জখম করেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ওই ব্যাক্তি চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানাগেছে, মধ্য তরপুরচন্ডী গ্যাস কোম্পানী এলাকার গাজী বাড়ির সম্পত্তি নিয়ে স্থানীয় একটি সংঘবদ্ধ গ্রুপের সাথে বেশ কিছু দিন যাবত জামেলা চলে আসছে। কিন্তু ঐ বাড়ির বাসিন্দা দুবাই প্রবাসী রফিকুল ইসলাম গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ৩ মাসের ছুটি নিয়ে বাড়িতে আসেন। ছুটি স্বল্প সময়ের জন্য তাই অন্যান্যের সাথে আলোচনার ভিত্তিতে নিজের পৈত্রিক সম্পত্তিতে পরিবারের সদস্যদের বসবাসের জন্য একটি বসতঘর নির্মাণ কাজ শুরু করেন। এই অবস্থায় বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে কোনো কিছু বুঝে উঠার পূর্বেই দেশীয় অস্ত্র সস্ত নিয়ে সোহরাব আখন্দ (৫২) আক্তার আখন্দ (৪২) পিতা- রুস্তম আখন্দ ও রাজ্জাক বরকন্দাজের নেতৃত্বে একদল সংঘবদ্ধ দল এলোপাতাড়ি হামলা করে ঘরবাড়ি লুটপাট করে এবং ব্যাপক তান্ডবলীলা চালায়। এই হামলায় বাঁধা দেওয়ায় উল্লেখিত ব্যাক্তিরা দুবাই প্রবাসী রফিকুল ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করে।
শুধু তাই নয়, এ হামলাকারীরা উক্ত প্রবাসীর ভাই আনোয়ার গাজী ও তার ভাবী নাজমা বেগম কে মারধর করে আহত করেন।
আহত প্রবাসী রফিকুল ইসলাম জানান, হামলাকারীরা তাঁর বসত ঘরে হামলা করে লুটপাটও ব্যাপক ভাংচুর করে। ঘরে থাকা দুবাই থেকে আনা ৮ ভরি স্বর্ন ও নগদ ৪ লাখ টাকাসহ মূল্যবান জিনিস পএ নিয়ে যায়।
এদিকে তান্ডবলীলা দেখে স্থানীয়রা তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়া কে জানালে তাঁর নির্দেশে মডেল থানার এ এস আই মিজান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
বর্তমানে আহত প্রবাসী রফিকুল ইসলাম তাঁর ভাই আনোয়ার গাজী ও ভাবী নাজমা বেগম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ঘটনার কথা শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আহতরা চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/



