চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করা, ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি মামলায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর বিভিন্ন ধারায় এসব অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযানকালে তিনি বলেন, যানজট নিরসন ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
ফম/এমএমএ/


