
চাঁদপুর: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে শিক্ষা বৃত্তি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে শহরের জোড়পুকুরপাড়স্থ ওয়াই ডাব্লিউ সি বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সদর উপজেলা সভাপতি লায়ন মো. গোলাম হোসেন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা সভাপতি ও ব্যাংক কলোনি মডার্ন শিশু একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওমর ফারুক।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ডকে দৃঢ় ও সুসংগঠিত করে গড়ে তোলার গুরু দায়িত্ব আমাদের সম্মানিত শিক্ষক সমাজের কাঁধে। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো শিক্ষকদের মান উন্নয়নে যথাযথ উদ্যোগ গ্রহণ।
তিনি বলেন, একজন শিক্ষক কেবল পাঠদানই করেন না বরং তিনি নৈতিকতা, নেতৃত্ব, এবং মূল্যবোধের আদর্শও স্থাপন করেন। তাই শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়ন এখন সময়ের দাবি।
ওমর ফারুক বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান ও প্রযুক্তির যে দ্রুত পরিবর্তন ঘটছে, তাতে পুরনো পদ্ধতির ওপর নির্ভর করে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করা যথেষ্ট নয়। তাই নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা পদ্ধতি, ডিজিটাল উপকরণের ব্যবহার এবং পাঠদানের নতুন কৌশলসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন অপরিহার্য।
তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আশা করি আপনারা নতুন কিছু শিখবেন, ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তা শ্রেণিকক্ষে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও প্রেরণাদায়ক পরিবেশ তৈরি করবেন। আমরা একসঙ্গে কাজ করলে আমাদের শিক্ষাব্যবস্থা অবশ্যই আরো শক্তিশালী ও উন্নত হবে।
সদর উপজেলার সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারী এস বি সবুজ ভদ্র।
অতিথি হিসেবে দেন জেলা শাখার সহ-সভাপতি সহকারী অধ্যাপক আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মো. ফারুক আহমেদ বাদল, হাজিগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোঃ আখতার হোসেন, সহ সভাপতি সদর উপজেলা ও কবিতা সাহা, মাহমুদা খানম, কোষাধ্যক্ষ কাউসার পাটোয়ারী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন একাডেমির প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকগণ বিভিন্ন বিষয়বস্তু নিয়ে বক্তব্য দেন।
বৃত্তি, সার্টিফিকেটও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ কিন্টার গার্টেন অ্যাসোসিয়েশনের বিভিন্ন নেতারাসহ বিভিন্ন একাডেমির শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



