আল-আমিন একাডেমিতে জিপিএ-৫ পাওয়া ২১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

চাঁদপুর: চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাস মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. মোবারক হোসাইন। সভাপতিত্ব করেন আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।

সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, আল-আমিন সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এবং পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আসিফ ইকবাল, মানারাত ইউনিভার্সিটির ড. মহিউদ্দিন সরকার ও কানাডিয়ান ইউনিভার্সিটির রুবাইয়া ইসলাম রুহি।

এ ছাড়া শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক মোর্শেদ আলম পাটোয়ারী ও ছাত্রী ক্যাম্পাসের মানসুরা আক্তার, অভিভাবকদের মধ্যে অ্যাডভোকেট তোফায়েল আহমেদ ও মাহযুবা আক্তার বক্তব্য দেন।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নাইমুল হাসান নিহাল, মারিয়া মাহজাবিন, মুশফিকুল আলম ও আবির হাসান দেওয়ান।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২১৯ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

একাডেমি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদের উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

ফম/এমএমএ/

কে এম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম