
চাঁদপুর: চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড আল- আমিন মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম. ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেছেন, আলামিন মডেল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো লেখাপড়া করে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ মধ্যে উত্তীর্ণ হয়ে সবসময় সুনাম বয়ে এনেছে।এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময় এই সুনাম ধরে রাখবে বলে আমার বিশ্বাস।
তিনি বলেন, পরীক্ষায় ভালো করতে হলে বাংলা ও ইংরেজি ভাষায় পরিপূর্ণভাবে দক্ষ হতে হবে। কারণ ক্লাসে বা বই পড়ে যা-ই তুমি শেখো পরীক্ষার খাতায় সেটা তোমাকে লিখেই উপস্থাপন করতে হবে। আর শুদ্ধভাবে, প্রাঞ্জল ভাষায় সেটা উপস্থাপন করতে প্রয়োজন ভাষার ওপর পরিপূর্ণ দখল। ভাষার ওপর দক্ষতা অর্জনের জন্য ব্যাকরণের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। অধিকাংশ সময় দেখা যায় ছাত্র-ছাত্রীরা ব্যাকরণে যেমন দুর্বল হয় তেমনি তারা এ বিষয়ে জ্ঞান অর্জন করতে খুব ভয় পায়। এ সমস্যা থেকে উত্তরণের জন্য বাধ্যতামূলক একজন ভালো শিক্ষকের পরামর্শ নিতে হবে এবং প্রতিদিন চর্চা চালিয়ে যেতে হবে। ব্যাকরণের বিভিন্ন নিয়ম আয়ত্ত করার জন্য নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই। তাছাড়া উভয় ভাষার শব্দ, প্রবাদ-প্রবচন, এক কথায় প্রকাশ, প্রতিশব্দ, বিপরীত শব্দ ইত্যাদির ভাণ্ডার যত বাড়াতে পারবে তত সেই ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে।
চেয়ারম্যান বলেন, একটা কথা মনে রাখবে যেকোনো বিষয়ে সফল হতে হলে তার পেছনে লেগে থাকতে হবে। পড়াশোনার বিভিন্ন সমস্যাগুলো একটা একটা করে চিহ্নিত করো এবং অন্যরা কীভাবে তার সমাধান করেছে তা থেকে ধারণা নাও। সহপাঠীদের কাছে সমাধান না পেলে শিক্ষকের কাছে পরামর্শ নাও। প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নাও। কারও না কারও কাছে সমাধান পাবেই। পড়াশোনাকে মন থেকে ভালোবাসো, লেগে থাকো- সফলতা আসবেই।
তিনি বলেন, বুঝে পড়লে মনে থাকে। বুঝে পড়লে তুমি সেটাকে নিজের ভাষায় লিখতে পারবে। কিন্তু না বুঝে মুখস্ত করলে সেটা দ্রুত ভুলে যাবে আর পরবর্তী জীবনে তা কাজে লাগাতেও পারবে না। তাই অসংখ্যবার অমনোযোগী হয়ে পড়ার চেয়ে একবার বুঝে পড়া উত্তম। কোনো বিষয় আয়ত্ত হলো কি না তা বোঝার ভালো উপায় হলো লেখা। কোনো বিষয় পড়ে যদি তা নিজের ভাষায় লিখতে পারো তাহলে বুঝতে হবে বিষয়টি তুমি আয়ত্ত করে ফেলেছো। তাই পড়ার পর তা লেখো।
সবসময় শিক্ষকের উপদেশ মেনে চলবে। কারণ শিক্ষক তোমার গুরুজন এবং অভিজ্ঞ ব্যক্তি। তিনি জানেন কীভাবে লেখাপড়া করলে এবং জীবনে চললে তোমার উন্নতি হবে। তাই শিক্ষকের দিকনির্দেশনা অনুযায়ী চলো, তোমার সফলতা অনিবার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল-আমিন মডেল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস শুক্কুর (মস্তান), সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন (আজাদ), মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য দলিল লেখক, আলহাজ্ব এম আই মমিন খান, সদস্য মোঃ মজিবুর রহমান সুমন (মস্তান) প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ ফিরোজ (মস্তান), স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।
হামদে বারে তাআলা পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থী মোঃ হেদায়েতুল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মোঃ জুবায়ের হোসেন।
পরে বার্ষিক পরীক্ষার ফলাফল ও অতিথীদের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


