চাঁদপুর : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ করা হবে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। এ বছর ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে। একটি জেলা ছাড়া বাকি ৬৪ জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (১৫ মে) চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী আরও বলেন, এবারের খাল খনন কর্মসূচিতে কিছু নতুন উদ্যোগ সংযোজন করা হয়েছে। খালের পাড়ে বৃক্ষরোপণ এবং খালে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিগত সময়ে দেশের এমন কোনো সেক্টর ছিল না, যেখানে দুর্নীতি ছড়িয়ে পড়েনি। তারা ফ্যাসিবাদী হয়ে উঠেছিল, তাই তাদের পতন হয়েছে। আমরা স্বচ্ছতার মাধ্যমে কাজগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এ সময় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


