চাঁদপুর : দ্বীনের দাওয়াত, ঈমানের মেহনত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুর জেলা ইজতেমা ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে।
পুরানবাজার এমদাদিয়া মাদ্রাসা সংলগ্ন দোকানঘর এলাকার মেঘনা নদীর পাড়ে তিন দিনব্যাপী এ আধ্যাত্মিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
তাবলীগ জামাতের উদ্যোগে আয়োজিত এই ইজতেমায় চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিন দিনব্যাপী এই বিশাল আয়োজনকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে প্রাঙ্গণে প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মুসল্লিদের থাকার জায়গা, ওজুখানা, টয়লেটসহ আনুষঙ্গিক সার্বিক ব্যবস্থাপনা সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে।
তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, ২২ অক্টোবর বৃহস্পতিবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। তিন দিনব্যাপী এই ইজতেমায় দেশ-বিদেশের বরেণ্য আলেম-ওলামাগণ কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতি বয়ান পেশ করবেন। এতে স্থান পাবে জিকির-আযকার, দ্বীনের সঠিক শিক্ষা এবং ঈমানি আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর (শনিবার) বিশেষ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের চাঁদপুর জেলা ইজতেমা। মোনাজাতে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে।
ফম/এমএমএ/


