কল্যাণপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী রফিকুল ইসলাম পলাশের ফরম সংগ্রহ 

চাঁদপুর: “স্বচ্ছ নেতৃত্ব, উন্নয়নের গতি – আলোকিত ইউনিয়নের প্রতিশ্রুতি” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এবং দলীয় মনোনয়নের প্রাথমিক ফরম সংগ্রহ করেছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিবেদিতপ্রাণ কাজী রফিকুল ইসলাম পলাশ।
​
কল্যাণপুর ইউনিয়নের রঙ্গেরগাঁও গ্রামের (৩নং ওয়ার্ড) এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন কাজী রফিকুল ইসলাম পলাশ। তাঁর পিতার নাম মৃত আকরা মহিউদ্দিন এবং মাতার নাম মিসেস রফিকুন নেছা। শিক্ষাজীবনে ১৯৮৭ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করা পলাশ পেশায় একজন ব্যবসায়ী।
​রাজনীতি ও সামাজিক অঙ্গনে তিনি দীর্ঘদিনের পরিচিত মুখ। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ৩নং কল্যাণপুর ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য হিসেবে সংগঠনের কাজে নিয়োজিত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকতে গিয়ে তাঁকে ৪টি রাজনৈতিক মামলারও মুখোমুখি হতে হয়েছে।
​নিজের প্রার্থিতা ও লক্ষ্য সম্পর্কে কাজী রফিকুল ইসলাম পলাশ জানান, “ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘ দিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাসী হয়ে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে জনগণের সেবা করে আসছি। ভবিষ্যতে দলীয় আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে কল্যাণপুর ইউনিয়নকে একটি সমৃদ্ধ, উন্নত ও আলোকিত মডেল ইউনিয়নে পরিণত করাই আমার মূল লক্ষ্য। জনগণের দোয়া ও সমর্থনই আমার প্রধান শক্তি।”
​এলাকাবাসী ও সাধারণ সমর্থকরা জানান, রাজপথের পরীক্ষিত ও সততায় বিশ্বাসী এই নেতাকে পাশে পেয়ে তারা আনন্দিত এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের মানুষ তাঁর পাশে থাকবে বলে আশা প্রকাশ করছেন।
ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম