বাসী খাবার-কাঁচা মাংস একসঙ্গে, মহামায়া বাজারে রুচি হালিমকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের মহামায়া বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে বাসী খাবার কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে রুচি হালিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি এবং ক্রেতাকে বিক্রির রশিদ প্রদান না করার অপরাধে আবু সালেহ এন্টারপ্রাইজের মালিককে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জরিমানার মোট ২০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। তারা পুনরায় এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন।

অভিযানের অংশ হিসেবে মহামায়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম