চাঁদপুর: চাঁদপুরে জেলা লিগ্যাল এইড কমিটির নবম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দরিদ্র, অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে বিনামূল্যে আইনি সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
সভাপতির বক্তব্যে সামছুন্নাহার বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করাই লিগ্যাল এইড কমিটির অন্যতম প্রধান দায়িত্ব। হতদরিদ্র ও অসহায় মানুষ যাতে অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি বদ্ধপরিকর।
তিনি বলেন, বর্তমানে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আগের তুলনায় আরও গতিশীল হয়েছে। বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইড কার্যক্রমের প্রতি আস্থা বাড়ছে। ফলে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার জন্য মানুষের আগ্রহও বৃদ্ধি পেয়েছে।
লিগ্যাল এইডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে নিজস্ব অফিসের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের নিজস্ব কার্যালয় থাকলে সেবাদান কার্যক্রমে আরও গতি আসবে। ইতোমধ্যে নিজস্ব অফিসের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাহিদা প্রেরণ করা হয়েছে।
সভাটি পরিচালনা করেন চাঁদপুর জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) ও সিনিয়র সিভিল জজ মো. আবদুল আলীম।
সভায় বক্তব্য দেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাসনীম জোহরা, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল।
এ ছাড়া সভায় চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম, চাঁদপুর জেলা কারাগারের সুপারের প্রতিনিধি জুবাইর হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, চাঁদপুর মানব উন্নয়ন সেবামূলক সংস্থার সভাপতি বিনয় ভূষন মজুমদার, জিপি অ্যাডভোকেট রফিকুল হাসান, এপিপি অ্যাডভোকেট শিরিন আক্তার সুপ্তা, ডিস্ট্রিক্ট ম্যানেজার মমতাজ বেগমসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কাছে লিগ্যাল এইডের সেবা আরও সহজে পৌঁছে দেওয়া, প্রচার-প্রচারণা বাড়ানো এবং সেবার মানোন্নয়নসহ কমিটির কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।
ফম/এমএমএ/


