নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে নাগরিক সংবর্ধনা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৮৭নং নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকা মতলব উত্তর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায়, কৃতি শিক্ষার্থী ও নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। তিনি বলেন, গুণীজনদের সম্মান করলেই গুণীজনের জন্ম হয়। তিনি শিক্ষকদের যথাযথ সম্মান প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। একজন শিক্ষার্থীকে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তাকে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী হলে একজন শিক্ষার্থী পরবর্তী শিক্ষাজীবনে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে। তাই শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস, বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা, শিষ্টাচার ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ জামান টিপু, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান হাওলাদার এবং উদ্ধামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহসিন মাস্টার।

এ সময় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করাও শিক্ষার অন্যতম উদ্দেশ্য। শিক্ষকরা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার প্রতি নজরদারি এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা অন্য শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়ন ও দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মতলব উত্তর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী এবং নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম