মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, যারা একান্তভাবে সুফীবাদে বিশ্বাসী, তারা সাধারণত শান্তি, মানবতা, সহনশীলতা ও সম্প্রীতির আদর্শে বিশ্বাস করেন। সুফীবাদের মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি, মানুষের প্রতি ভালোবাসা এবং সৃষ্টির কল্যাণ সাধন। তাই একজন প্রকৃত সুফী সমাজে হিংসা, বিদ্বেষ, বিভেদ কিংবা অস্থিতিশীলতা কামনা করতে পারেন না।
শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে শাহসুফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরী এর অষ্টম ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী বাউল গানের আসরের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলমগীর সরকার আরো বলেন, প্রকৃত সুফীবাদগণ মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সচেষ্ট থাকেন। একটি দেশের শান্তি ও স্থিতিশীলতা নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুফীবাদের মানবিক শিক্ষা মানুষকে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে আহ্বান করে। তাই সুফী আদর্শের চর্চা সমাজে সম্প্রীতি, শান্তি ও কল্যাণের পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি নাছির উদ্দিন সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই সাদেক হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, যুবদল নেতা বশির সরকার, ইউনিয়ন যুবদলের মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, মহিলা দলের নেতা ডলি সরকার সহ উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ।
শাহসুফী শাহজাহান শাহ্ সাদুল্লাপুরীর ওফাত দিবস উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ ও দোয়া, পালা গান এবং বাউল গান পরিবেশন সহ নানান আয়োজন রাখা হয়।
ফম/আরাফাত/এমএমএ/


