ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মুকবুল হোসেন ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোবিন্দপুর ছৈয়াল বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে নিজের বসতঘরে নিয়ে যান মুকবুল হোসেন। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে তার নানির কাছে বিষয়টি জানায়। পরে শিশুটির নানি বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর ফরিদগঞ্জ থানায় মামলা করেন। মামলাটির নম্বর ৪৮। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়েছে।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে গোবিন্দপুর (ছৈয়াল বাড়ি) এলাকা থেকে অভিযুক্ত মুকবুল হোসেনকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মুকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/


