হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাবেক এক পৌর কাউন্সিলরসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বলাখাল কাজীবাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে ও সাবেক কাউন্সিলর কাজী নিজাম (৫০), রান্ধুনীমুড়া গ্রামের মৃত সালেহ আহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে মো. নাছির উদ্দিন এবং দক্ষিণ রান্ধুনীমুড়া গ্রামের আহসান উল্যাহর ছেলে মো. মাসুদ হোসেন।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় কাজী নিজামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একই ধারায় নাছির উদ্দিনকে চার মাস এবং মাসুদ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে পৃথকভাবে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
এর আগে সোমবার রাতে কাজী নিজামকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ স্থানীয় কয়েকজন যুবক আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে। এ সময় তাঁকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কাজী নিজাম ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগেও তিনি মাদক মামলায় আটক হয়ে কারাভোগ করেছেন বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


