বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর সদর উপজেলা বিএনপি।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান মো. সফিকুজ্জামান বলেন, বিএনপির ৪৮ বছরের গৌরবময় পথচলায় গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। সব ইউনিয়নের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নিতে হবে। কোনো ব্যক্তি বা পক্ষ আলাদাভাবে মিছিল নিয়ে আসবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে হবে।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মুনিরা চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. মাসুদ রায়হান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা।

এছাড়া সভায় চাঁদপুর সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলার অন্তর্ভুক্ত ১৪টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম