মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের হয়রানিমূলক মামলা, সিএনজিচালিত অটোরিকশার কাগজপত্র নবায়নে সুযোগ না দেওয়া এবং বিভিন্ন কাজে গাড়ি ব্যবহার করে ভাড়া ও জ্বালানি খরচ না দেওয়ার অভিযোগে অটোরিকশা চলাচল বন্ধ রেখেছেন চালক ও মালিকেরা।
রোববার (২৩ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন রুটে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তাঁরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, পথচারী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা। বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
বিক্ষুব্ধ অটোরিকশাচালক সিরাজ মিয়া অভিযোগ করে বলেন, সরকারি বা প্রশাসনিক জরুরি কাজের কথা বলে পুলিশ প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যায়। কিন্তু কাজ শেষে চালকদের কোনো ভাড়া বা জ্বালানি খরচ দেওয়া হয় না। এ ধরনের হয়রানির প্রতিবাদেই তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
চালক মানিক মিয়া বলেন, অনটেস্ট গাড়ির কাগজপত্র করার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকার পরও ট্রাফিক ও থানা-পুলিশ অন্যায়ভাবে মামলা দিচ্ছে বলে অভিযোগ তাঁর। কোনো কারণে গাড়ির কাগজপত্র জব্দ করা হলে সেগুলো নবায়ন বা ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া হচ্ছে না।
মতলব উত্তর অটোরিকশাচালক ও মালিক সমিতির সভাপতি আব্দুল আউয়াল ফরাজী বলেন, ‘আমরা নিয়ম মেনে সড়কে গাড়ি চালাতে চাই। কিন্তু বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকা সত্ত্বেও যেভাবে মামলা দেওয়া হচ্ছে এবং ডিউটির নামে গাড়ি নিয়ে ভাড়া দেওয়া হচ্ছে না, তাতে আমাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।’ দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।
তবে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। তিনি বলেন, ‘আমরা কেন তাঁদের হয়রানি করতে যাব? আমরা শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইন বাস্তবায়ন করছি।’
অটোরিকশাচালকদের কর্মবিরতির কারণে উপজেলার বিভিন্ন সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।
ফম/এমএমএ/




