চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার খাজুরিয়া বাজার, ভাটিয়ালপুর, পূর্ব গুলিসা ও পূর্ব গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সকালে গ্রেপ্তারদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-খাজুরিয়া বাজার এলাকার মো. হোসেন (২২), তাকে ৯০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভাটিয়ালপুরের এমরান শেখ (৪৪) ও মো. সফিক (৪০)-কে যথাক্রমে ২০ ও ৩০ দিন, পূর্ব গুলিসার মো. মিরাজ শেখ (২৩)-কে ৬০ দিন এবং পূর্ব গোবিন্দপুরের শরিফ খান (২৭)-কে ৪০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান, এসআই আতাউর রাব্বী ও এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান বলেন, মাদকের ভয়াল বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



