চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং ঢাকাই আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মো. মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ। গ্রেপ্তার মাসুদুল করিম ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আবদুল হালিম ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুমায়েত হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ আলম ডবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০০৪ সালের ২৬ জুন রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পিচ্চি হান্নান নিহত হওয়ার পর তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কিলার মাসুদ আত্মগোপনে চলে যান। এর আগে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, কিলার মাসুদ একসময় ফরিদগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং উপজেলা যুবলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই সময়ে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার পরিচিতি ছিল বলে স্থানীয়রা দাবি করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ফরিদগঞ্জ ও চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের যৌথ অভিযানে কিলার মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফরিদগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।
ফম/এমএমএ/



