সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী মারা গেছেন

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয় বলে জানিয়েছে দীপু মনির বড় ভাই এবং কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। তিনি বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কোথায় কখন দাফন ও জানাজা হবে, তা আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

এই আইনজীবী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

খোঁজ নিয়ে জানাগেছে, ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নাওয়াজ।

তাঁর মৃত্যুতে কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুরের আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আর প্যারোলে মুক্তির আবেদন দিয়ে আইনজীবী ও স্বজনরা এখন মুন্সীগঞ্জে রয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে সাংবাদিকদে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম