চাঁদপুরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর :  ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে চাঁদপুর পৌরসভার মাল্টিপারপাস হলে চাঁদপুর জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।

অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, যারা জুলাই অভ্যুত্থানে শহিদ হয়েছেন তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের এখন আর কিছু করার নেই। কিন্তু যারা জীবীত আছেন তাদের জন্য অনেক কিছু করার আছে। আপনারা জানেন আমাদের দলের চেয়ারম্যান দেশে আসার পর আপনাদের বিষয়ে যেসব অঙ্গীকার করেছেন, তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের কারণে আমার দেশে নির্বাচন করার সুযোগ পেয়েছি এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আপনারা (শহিদ পরিবার) খুনিদের বিচার দাবী করছে, বিচার অবশ্যই হবে। আপনারা শুনছেন যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে, আসতে দেন। তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আমি বলবো আমাদের কাজ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকা।

এই সাংসদ বলেন, পৌর মাল্টিপারপাস হলের পাশের ভবনটিও পৌরসভার মালিকানা। এই ভবনের দ্বিতীয় তলায় বসে বিগত দিনে সকল সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র হয়েছে। আমি জেলা প্রশাসককে অনুরোধ করবো এই দ্বিতীয় তলা আপনারা নির্বাহী ক্ষমতায় নিলাম ডেকে ওই অর্থ শহীদ পরিবারের জন্য কাজে লাগাবেন।

আরো বক্তব্য দেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, এনসিপি জেলা কমিটির আহবায়ক মাহবুবুর রহমান।

জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দ্বীন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ চন্দ্র দাস। এরপর শহিদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন দিনগুলোর বাস্তব চিত্র তুলে একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। উপস্থাপনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জিয়াউল হিকমা।

আরো বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, শহর শিবিরের সভাপতি মোজাহিদুল ইসলাম।

স্মৃতিচারণ করেন জুলাইযোদ্ধা নাজমুস সাকিব, মোঃ তামিম খানসহ আরো কয়েকজন জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য।

সবশেষে শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম