চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) ভোর ৬টা ১ মিনিটে কলেজের পক্ষ থেকে চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সকাল ৮টায় জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টায় জুলাই শহিদদের জীবন ও আত্মত্যাগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট সরকারই শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বাংলাদেশেও ২০২৪ সালে এর ব্যত্যয় ঘটেনি।
তিনি শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আয়োজিত রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



