নতুন কর ছাড়াই ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা চাঁদপুর পৌরসভার

চাঁদপুর:  কোনো নতুন কর আরোপ না করেই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করেছে ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুর পৌরসভার মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য  ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি পৌরসভার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে ঘোষিত বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা এবং উন্নয়ন খাতে (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা।

অন্যদিকে মোট রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা এবং রাজস্ব উদ্বৃত্তসহ উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের ওপর নতুন কোনো করের বোঝা না বাড়িয়ে বিদ্যমান রাজস্ব কাঠামো, নিজস্ব আয় বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাজেটের লক্ষ্য অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম