মতলবে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ডাস্টবিন স্থাপন

চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ারিওর্স’র উদ্যোগে পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

বুধবার ( ৩ জুন ) দুপুরে অভিযানের অংশ হিসেবে দীপ্ত বাংলা ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার্থে সেখানে ডাস্টবিন স্থাপন করা হয়।

সংগঠনের প্রায় ১২ জন সদস্য এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা এলাকাজুড়ে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পরিবেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে কাজ করেন।

সংগঠনের সদস্য মাহমুদুল ইসলাম মাহি জানান, দীপ্ত বাংলা এলাকায় এ কার্যক্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে মতলবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানও এ কার্যক্রমের আওতায় আনা হবে।

তিনি বলেন, মতলবকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।

সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ইদ্রিস সরকার মুন্না বলেন, শিক্ষিত তরুণ সমাজের উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠনটি মতলবের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবে। আমরা তরুণদের ভালো কাজে উৎসাহিত করব এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মতলবকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাব।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে তরুণদের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম