
চাঁদপুর: ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্যোগে জীবিকা চাঁদপুর-৫’ প্রকল্পের আওতায় তহবিল হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে চাঁদপুরের বাবুরহাটে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল শাখায় যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে পরিচালিত ‘মানব উন্নয়ন কর্মসূচি-৫’ প্রকল্পের আওতায় ২ হাজার উপকারভোগীর মাঝে ২ কোটি টাকার তহবিল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, যাকাত কেবল একটি ধর্মীয় বিধান নয়, এটি একটি কার্যকর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনায় যাকাতের অর্থ প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে পারলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। ড্যাফোডিল ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো যদি এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণ করে, তবে সুবিধাবঞ্চিত মানুষ দ্রুত স্বাবলম্বী হয়ে উঠবে। আজ যারা এই সহায়তা গ্রহণ করেছেন, তারা যেন এ অর্থকে ভোগের পরিবর্তে উৎপাদনশীল কাজে বিনিয়োগ করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। তাহলেই এ প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান খান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর খান, ড্যাফোডিল ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মো. জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা এবং ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বাবুরহাট কলেজের উপাধ্যক্ষ মো. ফয়সাল আহমেদ ফরাজী, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সেলিম মিয়া এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ আই. কে. হেলাল।
অনুষ্ঠানে বক্তারা যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমাজে টেকসই মানব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং একটি আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফম/এমএমএ/



