
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, প্রশাসন অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও সামাজিক অসন্তোষ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সমন্বিত, তথ্যভিত্তিক ও অংশগ্রহণমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মসজিদ, স্কুল, মাদ্রাসা ও বাজারকেন্দ্রিক একটি নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে গ্রাম পুলিশকে সম্পৃক্ত করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও সামাজিক অস্থিরতা সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে ইউনিয়ন পরিষদে সংগ্রহ করা হবে। পরে ইউনিয়নভিত্তিক প্রতিবেদন উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হবে এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তা পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, লক্ষ্যভিত্তিক অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, এ উদ্যোগে জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, বাজার কমিটি, গ্রাম পুলিশ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তথ্যনির্ভর পরিকল্পনা ও জনসম্পৃক্ততার মাধ্যমে অপরাধ প্রতিরোধ এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই এবং সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হযরত আলী ঢালী, শাহজালাল মিশনের আখতার হোসেন সাগর, অ্যাডভোকেট শিরিন আক্তার সুপ্তা ও অ্যাডভোকেট মুনিরা চৌধুরী। এছাড়া আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



