দিবালোকে প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ২

চাঁদপুর: দিবালোকে রাস্তার পাশে বাঁধা থাকা একটি গরুর ছোট্ট বাছুর। সুযোগ বুঝে সেটিকে টেনে-হিঁচড়ে একটি সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে পালানোর চেষ্টা। তবে শেষ রক্ষা হয়নি। এক অটোরিকশাচালকের সাহসী বাধা, তার চিৎকারে ছুটে আসা জনতার তৎপরতায় ভেস্তে যায় চুরির পরিকল্পনা। ঘটনাস্থলেই আটক হন কুমিল্লার লাকসাম উপজেলার বেলোল ও বিল্লাল নামে দুই যুবক, আর প্রাইভেটকার থেকে জীবিত উদ্ধার করা হয় বাছুরটি।

রবিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওলাদ ঢালীর একটি গরু ও তার ছোট্ট বাছুর রাস্তার পাশে বাঁধা ছিল। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে এসে দুই যুবক জোরপূর্বক বাছুরটিকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।

ঘটনাটি দেখতে পান অটোরিকশাচালক হাবিবুল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে তাদের বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করেন। পরে প্রাইভেটকার থেকে বাছুরটিকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে থানায় নিয়ে যান। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়।

মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম