ডাকাতিয়া নদী দূষণের দায়ে দুই অটোরাইস মিল মালিকের জরিমানা

চাঁদপুর : চাঁদপুর শহরের নতুন বাজারে পরিবেশ দূষণ ও ডাকাতিয়া নদীতে বর্জ্য অপসারণের অভিযোগে দুটি অটোরাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও মো. রহমত উল্লাহ।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে ডাকাতিয়া নদীতে ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধের গরম পানি ফেলে নদী দূষণ করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুইটি অটো রাইস মিলকে দোষী সাব্যস্ত করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এর মধ্যে মেসার্স বিসমিল্লাহ অটোরাইস মিল মালিককে ৪০ হাজার টাকা এবং মেসার্স নিউ পূবালী অটোরাইস মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় রাইস মিল কর্তৃপক্ষকে ডাকাতিয়া নদীতে অপসারণকৃত ধানের তুষ ও ছাই দ্রুত সরিয়ে নদীকে দূষণমুক্ত রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। ভ্রাম্যমাণ আদালতে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তরে উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, নদীতে শিল্প বর্জ্য, ধানের তুষ ও ছাই ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জলজ প্রাণী ও স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। পরিবেশ সুরক্ষা ও দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম