চাঁদপুর-হাইমচরে অর্থনৈতিক অঞ্চল এবং ইপিজেড স্থাপনে বেজা টিম

চাঁদপুর: চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চাঁদপুর সফরকালে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের দাবির প্রেক্ষিতে দেয়া আশ্বাসের এই উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য সালেহ আহমেদের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬ খ্রি.) সকালে সরকারি সফরে চাঁদপুর আগমন করেন।

এইদিন বেলা ১১ টার সময় বেজা প্রতিনিধি টিম, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর মৌজার প্রায় ৬০১৪.৪৯ একর জমির সাইট পরিদর্শন করেন।এরপর তারা হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে বেজার অনুকুলে বন্দোবস্তপ্রাপ্ত জমি পরিদর্শন করেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলটি এদিন চাঁদপুর জেলায় অবস্থান করে প্রস্তাবিত খাস জমিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রাথমিক উপযোগিতা ও সম্ভাব্যতা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বেজা নির্বাহী সদস্য সালেহ আহমেদের নেতৃত্বাধীন এই টিমে ছিলেন মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (তড়িৎ), পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-১), পরিচালক (পরিবেশ ও উন্নয়ন), ইনভেস্টমেন্ট প্রমোশন কনসালটেন্ট, প্রাইড প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচার কনসালটেন্ট এবং বেজার জুনিয়র আরবান প্ল্যানার। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

মো. মিজানুর রহমান | ফোকাস মোহনা.কম