
চাঁদপুর : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক মানবিক ও মূল্যবোধ দিকেও নজর দিতে হবে। শিক্ষকরা যদি শ্রেণিকক্ষে নিজেদের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীর প্রতি যত্নশীল হন এবং তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন, তাহলে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হবে না।
শনিবার (৩০ মে) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। একই সঙ্গে অভিভাবকরাও তাদের সন্তানদের লেখাপড়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তাই কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলে তা শুধু শিক্ষার্থী ও পরিবারের জন্যই নয়, বরং জাতির জন্যও দুঃখজনক।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠদান করলেই হবে না; তাদের মনোযোগ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও বিশেষ নজর দিতে হবে। একজন শিক্ষকই পারেন একটি প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক শাহ আলম। সিনিয়র সহকারী শিক্ষক জহিরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আইসিটি বিভাগের ডেপুটি সেক্রেটারি (উপসচিব) মো. মাহবুব আলম।
আরো বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুর রহমান।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



