কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২শত পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৪ মে) দিনগত রাতে উপজেলার দোয়াটি ও নলুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-কচুয়া পৌরসভার করইশ গ্রামের মোঃ ইমাম হোসেন (৩০), নওগাঁ জেলার মান্দা থানার কুকরাইল গ্রামের আমিনুর সর্দার (৩৬), কচুয়া পৌরসভার করইশ পূর্ব পাড়ার মোঃ মাসুদ প্রধান (৩৬) এবং কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের মোঃ মনির হোসেন (৪৮)।
থানা পুলিশ জানায়, কচুয়া থানার (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই মোঃ রুবেল সরকার ও তার সঙ্গীয় ফোর্স। পালাখাল ইউনিয়নের দোয়াটি এলাকায় তেতৈয়া-দোয়াটি পাকা রাস্তায় একটি সিএনজি তল্লাশি করে। এ সময় যাত্রী হিসেবে থাকা ইমাম হোসেন, আমিনুর সর্দার ও মাসুদ প্রধানের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা (নং-৪৭) দায়ের করা হয়েছে।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই মোঃ সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ কড়ইয়া ইউনিয়নের নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি মোঃ মনির হোসেনকে ২শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা (নং-৪৯) রুজু করা হয়েছে।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ ২৫ মে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কচুয়া থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, গত ১ মে থেকে আজ ২৫ মে পর্যন্ত কচুয়া থানায় ৩৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে। তন্মধ্যে ৬শত ১২ পিস ইয়াবা ও ২৭ কেজি ৮শত ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হন। মোট ৬০ জন আসামী চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ফম/এমএমএ/



