দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট: এমপি মানিক

চাঁদপুরে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রধান অতিথির বক্তব্য দেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি। ছবি: ফোকাস মোহনা.কম।
চাঁদপুর: বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টায় কাজী নজরুল ইসলাম সড়কে রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ১৮৬৩ সালে মানবসেবার মহান উদ্দেশ্যকে সামনে রেখে রেড ক্রিসেন্ট সোসাইটির যাত্রা শুরু হয়। যুদ্ধের ময়দানে যখন আহত মানুষের পাশে দাঁড়াতে অনেকেই ভয় পেতেন, তখন রেড ক্রিসেন্টের সদস্যরা সাহসিকতার সঙ্গে যুদ্ধাহতদের উদ্ধার করে চিকিৎসা ও সেবা প্রদান করতেন। সেই মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আজও রেড ক্রিসেন্ট সমাজের অসহায়, হতদরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজ করে যাচ্ছে।
তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। রেড ক্রিসেন্টের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন অনুদান ও সহায়তা কার্যক্রম রয়েছে। সেগুলো রেড ক্রিসেন্টের মতো মানবিক সংগঠনের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া গেলে সরকারের উদ্যোগ সফল হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি অনুষ্ঠানের সভাপতিকে জেলা পরিষদের অনুদান ও সহায়তা কার্যক্রমের মাধ্যমে রেড ক্রিসেন্টের সেবামূলক কাজ আরও সম্প্রসারণের আহ্বান জানান।
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর রেড ক্রিসেন্ট চেয়ারম্যান অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।
জেলা ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরী এবং জেলা ইউনিটের বিভাগীয় প্রধান (আইসিটি, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) জিয়াউল হাসান ফাহিমের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্য তমাল কুমার ঘোষ, আজীবন সদস্য খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ রেড ক্রিসেন্টের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন তোফায়েল আহমেদ। গীতার পাঠ করেন তানিশ সাহা।
অনুষ্ঠানে শুরুতে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম