চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ

চাঁদপুর : চাঁদপুর জেলায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ২০২৬ সালের ‘শ্রেষ্ঠ জেলা ইমাম’ নির্বাচিত হয়েছেন চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল্লাহ।

বুধবার (৬ মে) দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম বাছাইপর্বে তিনি ‘ক’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানাগেছে, আট উপজেলা থেকে ৩ জন করে ২৪ জন ইমাম চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট দুটি ক্যাটাগরিতে ৬ জনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়। এর মধ্যে ‘ক’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন মাওলানা মো. আব্দুল্লাহ।

মাওলানা মো. আব্দুল্লাহ হাইমচর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে ওই উপজেলার কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

তাঁর বর্ণাঢ্য শিক্ষা জীবনে ২০০৩ সালে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে কামিল (হাদিস বিভাগ) পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করেন। একই বছর ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি ঢাকার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া এই ইমামরা এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যাবেন। পরবর্তীতে বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার পর মাওলানা মো. আব্দুল্লাহ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এই সম্মান দ্বীনের একজন দাঈ হিসেবে আমার দায়িত্ব ও পথচলাকে আরও বেগবান করবে। আমি যেন দেশ ও জাতির কল্যাণে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম