কচুয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

কচুয়া (চাঁদপুর): স্বপ্ন ছিল ছোট্ট একটি সুখের সংসার গড়ার। বিয়ের মাত্র চার মাসেই সেই স্বপ্ন ভেঙে গেল নির্মম বাস্তবতায়।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে কচুয়া উপজেলার বিতারা গ্রামের মাস্টার বাড়িতে তিন মাসের অন্তঃসত্তা গৃহবধূ ইকরা আক্তার (২১)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করলেও, ঘটনাটি ঘিরে এলাকায় বিরাজ করছে শোক ও ক্ষোভের আবহ।

পারিবারিক সূত্রে জানা যায়, ইকরা আক্তারের বিয়ে হয় প্রায় চার মাস আগে একই উপজেলার বিতারা এলাকার সম্রাট (৩০)-এর সঙ্গে। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগে ছিল বলে অভিযোগ পরিবারের। প্রায়ই সামান্য বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হতো, এমনকি শারীরিক নির্যাতনেরও অভিযোগ রয়েছে। সম্রাট হোসেন বিতারা গ্রামের সফিকুল ইসলাম আলমের ছেলে।
নিহতের মা জোছনা বেগম জানান,বিয়ের পর থেকেই আমার মেয়েকে নানা কারণে মারধর করত সম্রাট। ঘটনার দিনও সে আমার মেয়েকে আমাদের আশারকোটা গ্রামের বাড়ি থেকে নিয়ে যায়। এরপর দুপুরের মধ্যেই এই মর্মান্তিক খবর পাই। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই, ফাঁসি চাই।

ইকরার বোন ইতি আক্তার ও ভাই ইমন অভিযোগ করেন, সম্রাট পরকীয়া আসক্ত ছিলেন এবং এর জের ধরে প্রায়ই ইকরার ওপর নির্যাতন চালাতেন। তাদের দাবি, পরিকল্পিতভাবে ইকরাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সম্রাট ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম