চাঁদপুর : চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামে একটি মাছের প্রজেক্ট থেকে আলমগীর হোসেন (৪৫) নামে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার ( ৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
নিহত আলমগীর হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের মহিউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে করইশ গ্রামে বৈবাহিক সূত্রে বসবাস করে আসছিলেন এবং স্থানীয় মো. মাসুদের মাছের প্রজেক্টে শ্রমিকের কাজ করতেন।
জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও আলমগীর হোসেন প্রজেক্টের দেখভাল করতে যান। এ সময় ঘেরের কিছু মাছ মরে ভেসে থাকতে দেখে তিনি সেগুলো পানি থেকে তুলে আনতে নামেন। কিন্তু আগে থেকেই ছিঁড়ে থাকা বৈদ্যুতিক লাইনের তারের সংস্পর্শে ঘেরের পানি বিদ্যুতায়িত হয়ে ছিল। পানিতে নামার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি করইশ গ্রামের আয়ুব আলীর মেয়ে কুলসুমকে বিয়ে করেন। মৃত্যুকালে তিনি ১৮ বছরের এক ছেলে ও ৭ বছরের এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/



