হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে বহুলপ্রতিক্ষিত উটতলী খেয়াঘাট সেতু নির্মাণ কাজে নিয়োজিত নৈশ্যপ্রহরী হারুনুর রশিদ (৫০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে ।
শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।
নিহত নৈশ্যপ্রহরী হারুনুর রশিদ হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড টোরাগড় মিস্ত্রি বাড়ীর মৃত আলী আহম্মদের ছেলে।
হারুন তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে অত্যান্ত দারিদ্র্যতার মধ্যে দিনাতিপাত করে আসছেন বলে জানান স্থানীয় বাসিন্দা উথান কাজী।
নিহতের পরিবারের স্বজনদের দাবি, হারুনুর রশিদ উটতলী খেয়াঘাটের সেতুর নতুন মালামালের জন্য গত সপ্তাহে নৈশ্যপ্রহরীর কাজে নিয়াজিত হন। শনিবার বিকাল বেলায় সে খাওয়া শেষে বাড়ী থেকে বের হয়ে ঘাটে যায়। তার পর শুনি মৃত্যুর সংবাদ। আমরা তার মাথায় আঘাতের চিহৃ দেখতে পাই। কিন্তু সেতু ঠিকাদারের কর্মকর্তা বলছেন সে ঘুরে পড়ে মাটিতে পড়ার সময় শার্টারের আঘাত পেয়েছেন।
উটতলী খেয়াঘাটের নাম প্রকাশ না করার শর্তে জৈনেক ব্যক্তি বলেন, কিছুদিন আগে সেতুর কাজে ব্যবহৃত যন্ত্রের দুটি বেটারি চুরি হয়েছে। তারপর প্রায় ৩০ লিটার তেল চুরি হয়েছে। চুরি হওয়ার ঘটনা নিয়ে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তরা রহস্যভেদে রয়েছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, আমরা হাসপাতাল থেকে ওই ব্যাক্তির মরদেহ থানায় নিয়ে এসেছি। পরিবার থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। তারপরেও রবিবার (৪ সেপ্টেম্বর) মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।



