
চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে হাজীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় পঁচা-বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে হাজী সুইটসকে ৫০ হাজার টাকা, নবাবী হোটেলকে ১৫ হাজার টাকা, রিজিক হোটেলকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ সস ব্যবহারের অপরাধে খাওয়া দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আব্দুল্লাহ আল ইমরান আরো জানান, এছাড়াও অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মিডওয়ে ফার্মেসিকে ১০ হাজার টাকা, ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার দায়ে হাজীগঞ্জ জেনারেল হাসপাতালকে ৮ হাজার টাকা এবং মিথ্যা ডাক্তার পদবি ব্যবহার করার অপরাধে দেশ ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ মোট ৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছেন। ভোক্তাদের অধিকার রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
ফম/এমএমএ/


