রঙ মিশিয়ে শুঁটকি বিক্রি ও পচা মাংস সংরক্ষণ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের বাবুরহাট বাজারে শুঁটকি মাছে রং মিশিয়ে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের পাশাপাশি বাসি-পচা মাংস বিক্রির জন্য রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুরের বাবুরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে শুঁটকি মাছে রং মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের অপরাধে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আমিন পাটোয়ারীকে ৫ হাজার টাকা এবং বাসি-পচা মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে। এ সময় নষ্ট ও পচা মাংস এবং রং মেশানো শুঁটকি মাছ ধ্বংস করা হয়।
অভিযুক্ত ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম