হাজীগঞ্জে ব্যালট পেপার ছাপাতে ভুল, ওয়ার্ড নির্বাচন স্থগিত

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে ওয়ার্ড উপ-নির্বাচনে ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদম ফুল ছাপা হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ নির্বাচনের শুরু হলে এ ঘটনা ঘটে।

এ ওয়ার্ডে  ইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে উপ-নির্বাচন সব ধরণের প্রস্তুতি নেয়া হয়। কিন্তু আপেল মার্কার স্থলে কদম ফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে দেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন সম্পন্ন হয়েছিল। ভোট গ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমপুর প্রতীক দেখা যাওয়ায়  কর্মকর্তাদের নজরে আসে।

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, নির্বাচন গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি হয়েছিলো। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয়া হয়।

জানাগেছে,  এই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মো. অহিদুল ইসলাম (ফুটবল),  শফিউল্যাহ স্বপন (সিলিং ফ্যান), খোরশেদ আলম (মোরগ), কার্তিক (তালা),  মাওলানা মীর হোসেন (আপেল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম