
হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের সিহিরচোঁ গ্রামের প্রধানীয়া বাড়িতে সম্পত্তিগত বিরোধের জেরে রিসিভার (স্মারক নং-৬৩৬) নিয়োগ দিলেন আদালত।
ওই বাড়ির মৃত আব্দুল জব্বার প্রধানীয়ার ছেলে মো. লোকমান হোসাইন প্রধানীয়ার আবেদনের ভিত্তিতে গত বুধবার (১২ এপ্রিল) চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ নির্দেশ দেন। এতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) রিসিভার নিয়োগ করা হয়।
এর আগে ওই বাড়ির মোখলেছুর রহমানের ছেলে মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ ফয়েজ আহম্মদ প্রধানীয়া, রাকিবুল ইসলাম সোহাগ, সুমন প্রধানীয়া ও মৃত আব্দুল কাদেরের ছেলে মোখলেছুর রহমানের বিরুদ্ধে নিজ বাড়ির উঠান ও দেড় শতাধিক বছরের চলাচলের পথ দখল করে স্থাপনা (দালানঘর) নির্মাণের অভিযোগ আনেন একই বাড়ির মৃত আব্দুল জব্বার প্রধানীয়ার ছেলে মো. লোকমান হোসাইন প্রধানীয়া।
তিনি গত ১৯ মার্চ উল্লেখিত অভিযোগ এনে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারা মোতাবেক উল্লেখিত ভূমিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে অস্থায়ী স্থিতাবস্থা বজায় রাখার জন্য অফিসার ইনচার্জ ও নালিশি ভূমির দখল বিষয়ে মতামতসহ তদন্ত প্রতিবেদনের জন্য সহকারী কমিশনার (ভূমি) এবং ২য় পক্ষকে (বিবাদী) কারণ দর্শাতে নির্দেশনা প্রদান করেন।
যার পরবর্তী তারিখ আগামি ২৯ মে নির্ধারণ করা হয়েছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী পক্ষ নির্মাণ কাজ চলমান রাখেন। যার ফলে বিরোধকৃত ওই সম্পত্তিতে রিসিভার নিয়োগের জন্য গত বুধবার (১২ এপ্রিল) আদালতে আরেকটি আবেদন করেন বাদী মো. লোকমান হোসাইন প্রধানীয়া। আদালত তার আবেদন আমলে নিয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে রিসিভার হিসাবে নিয়োগ দেন।
এ দিকে রিসিভার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ সংবাদকর্মীদের জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনে দেখা গেছে, ওই ইউনিয়নের ৬৭নং সিঁহিরচোঁ মৌজার বিএস ৩৩৯, ২০৬নং খতিয়ান, হাল ৭০১ দাগে .০১ একর। যার উত্তরে আবু তাহের, দক্ষিণে আব্দুল হাই, পূর্বে প্রতিপক্ষ (বিবাদী), পশ্চিমে নিজ (বাদী) এবং একই দাগে .০০৭০ একর। যার উত্তরে আব্দুল মালেক গং, দক্ষিণে আব্দুল হাই, পশ্চিমে রাস্তা এবং পূর্বে রাস্তা। যা দখল করে বিবাদীরা স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ করা হয়।
ফম/এমএমএ/



