
চাঁদপুর: প্রতিদিন সমাজে অনেক ঘটনাই ঘটে। তবে কিছু কিছু ঘটনা মানুষের জন্য শিখনীয় থাকে। এসব ঘটনায় একজন মানুষের ভিতরে থাকা স্বভাব চরিত্র ফুটে উঠে। এমনই একজন মানুষের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
তিনি ফেসবুক পোস্টে ছবি দিয়ে লিখেন- ‘একজন মানবিক ও সৎ মানুষের গল্প’ আমাদের চারপাশে আছেন অনেক আলোকিত মানুষ। তাঁদের জীবন হয়তো সাধারণ ও সাদামাটা, তবে অনন্যসাধারণ তাঁদের মূল্যবোধ ও শিষ্টাচার।
তেমনি একজন খাঁটি মনের মানুষ চাঁদপুর সদর উপজেলার পৌরসভানিবাসী মোহাম্মদ সিরাজ পাটওয়ারি। পেশায় তিনি চায়ের দোকানি। চাঁদপুর সদর উপজেলা সংলগ্ন মার্কেটে তিনি চা বিক্রি করেন। অতি সম্প্রতি তিনি প্রায় ৮০০০০ টাকার একটি বান্ডিল রাস্তায় পড়ে থাকতে দেখেন।
অত:পর চরিত্রবান এই মানুষটি কিছু টাকা পাওয়ার ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
রবিবার ২৮ জানুয়ারি ২০২৪ তারিখ উক্ত টাকা যথাযথ প্রমাণসাপেক্ষে হারানো টাকার মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং উপজেলা প্রশাসন থেকে জনাব মোহাম্মদ সিরাজ পাটওয়ারিকে পুরস্কৃত করা হয়।
একজন জনাব মোহাম্মদ সিরাজ পাটওয়ারি আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অনন্য উদাহরণ। উপজেলা প্রশাসন তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে।
ফম/এমএমএ/


