চাঁদপুর: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের সর্বস্তরের সদস্য ও অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি আল ইমরান শোভন, সংগঠনের জেলা শাখার সাবেক সভাপতি একে আজাদ, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম।
আরো বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদ, প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজিব খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান গাজী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, ক্রীড়া সম্পাদক গাজী মো. ইমাম হাসান, কার্যকরী সদস্য অভিজিত রায়, মিজানুর রহমান লিটন, সদস্য জামাল আখন্দ, আশিক বিন রহিম ও মোসাদ্দেক আল আকিব।
বক্তারা বলেন, আমরা যারা সাংবাদিকতা করছি, আপনি আমি কেউ নিরাপদ নেই এবং নিরাপত্তাহীনতায় রয়েছি। গাজীপুরে সহকর্মী তুহিনকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে চাঁদপুরেও যে কোন সাংবাদিক ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটতে পারে। তাই আমাদের ঐক্যের প্রয়োজন। যে কোন পরিস্থিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া যারা তুহিনকে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের দাবি জানাই।
তারা আরোও বলেন, তুহিন অন্যায় করেনি। সে তার দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয়েছে। সাগর রুনির হত্যার ১৩ বছর অতিবাহিত হলেও এখনো বিচার কার্য আজও হয়নি। ১১৯ বার পেছানো হয়েছে মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ। সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের বিচার না হলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
ফম/এমএমএ/


