শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করলেন এনাম চৌধুরী

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ চারা বিতরণ করা হয়।

ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আমিরবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ইয়াজদানী চৌধুরী (এনাম চৌধুরী) এ কর্মসূচির আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মানিকুর রহমান মানিক।

প্রধান অতিথির বক্তব্যে মানিকুর রহমান মানিক বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এনাম চৌধুরী শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করাসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতে বৃক্ষরোপণ অপরিহার্য। শিক্ষার্থীদের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলে এর সফল বাস্তবায়ন সম্ভব হবে। তিনি শিক্ষার্থীদের চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

আয়োজক গোলাম ইয়াজদানী চৌধুরী এনাম বলেন, গাছের চারা রোপণ ও পরিচর্যা করা আমাদের সবার দায়িত্ব। এই বিদ্যালয় থেকে কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ উদ্যোগ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে প্রতিটি অঞ্চল সবুজায়নের বিপ্লবে পরিণত হবে।

খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফরোজা খাতুন মেরী, সমাজ সেবক ও ব্যবসায়ী মারুফ চৌধুরী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ আফরোজা খাতুন মেরী বলেন, গাছ কাটার তুলনায় নতুন করে গাছ লাগানোর হার কম হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম