
চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি পৌর মেয়র হাজী আঃ লতিফের বিরুদ্ধে এক ব্যক্তির জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার টামটা পাটোয়ারী বাড়ির মৃত লোকমান হোসেন পাটোয়ারীর ছেলে মো. জাকির হোসেন পাটোয়ারী সাংবাদিকদের এ অভিযোগ করেন।
খোঁজ নিয়ে জানাগেছে, পৌরসভার উত্তর এলাকার ঠাকুর বাজারে উপলতা মৌজার সিএস ও এসএ ১৬২২ দাগে হাল বিএস ২৬৮৮ দাগে নাল ৮২ শতাংশ ভূমির মধ্যে মোঃ জাকির হোসেন পাটোয়ারী ও তার বোনেরা ২০১৬ সালে ২৫.২২ শতাংশ ভূমি ক্রয় করেন। যার খারিজ খতিয়ান, পৌরকর ও হোল্ডিং ট্যাক্স সম্পন্ন রয়েছে। সম্প্রতি ওই জায়গার পাশে পৌর মেয়র হাজী আঃ লতিফ ২৫ শতাংশ ভূমি বায়না করেন।
জাকির হোসেন পাটোয়ারী জানান, গত ১২ ফেব্রুয়ারি রোববার দুপুরে পৌর মেয়র শতাধিক লোক নিয়ে নিজের বায়নাকৃত জায়গার পাশে তার জায়গা দখল করতে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে মেয়র তার লোকজনসহ সেখান থেকে সটকে পড়েন।
তিনি আরও জানান, মূল মালিকের ৮২ শতাংশ জায়গার মধ্যে পূর্বেই ৬৩ শতাংশ জায়গা হস্তান্তর হয়ে গেছে। সেখানে মেয়র লতিফ তার কথিত ২৫ শতাংশ জায়গা মিলাতে গিয়ে আমার জায়গা দখল করতে গিয়েছেন।
তিনি আক্ষেপ করে বলেন, যেখানে মেয়র একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সহায় সম্পদ রক্ষার কাজে এগিয়ে আসার কথা সেখানে তিনি নিজে দখলদারের ভূমিকায় অবতীর্ন হওয়ার বিষয়টি দুঃখজনক।
শাহরাস্তি পৌর মেয়র হাজী আঃ লতিফ জানান, যে ব্যাক্তি অভিযোগ করেছে তা সঠিক নয়। তিনি অনেক আগে সম্পত্তি খরিদ করেছেন। মুল মালিকদের ওয়ারিশ থেকে। তিনি তার জায়গা বুঝে নিয়েছেন। আমি ক্রয় করেছি যাদের কাছ থেকে তাদের সব কাগজপত্র দেখেই ক্রয় করেছি। যদি কোন ধরণের ভুল হয়ে থাকে এসে কাগজপত্র দেখতে পারেন।
ফম/এমএমএ/



