প্রতারণার মামলায় অস্থায়ী জামিনে হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লীসহ তাঁর বাবা

চাঁদপুর:  চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স সাকিল আহম্মদ ও তাঁর বাবা ড. আলমগীর কবির পাটওয়ারীকে প্রতারণার মামলায় বাদীর পাওনার অর্ধেক টাকা পরিশোধ সাপেক্ষে অস্থায়ী জামিন দিয়েছে আদালত।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এর আদালতে আসামী পক্ষের আইনজীবীরা বাদী পক্ষের আইনজীবীদের কাছে বিবাদী থেকে পাওনাকৃত ৪২ লাখ টাকার মধ্যে ২১ লাখ টাকার পে অর্ডার প্রদান করলে অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

এর আগে গতকাল রোববার (১৮ অক্টোবর) হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারের ব্যবসায়ী কবির হোসেন লিটন এর দায়ের করা প্রতারণা মামলায় মোতাওয়াল্লী ও তার বাবা আদালতে স্বেচ্ছায় হাজির হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারণ ওই মামলায় প্রতিবেদন দেওয়ার পরে তাদের বিরুদ্ধে সমন জারি ছিল।

এদিকে ১৮ অক্টোবর এই মামলার বাদি ব্যবসায়ী কবির হোসেন লিটন মোতাওয়াল্লী প্রিন্স সাকিল আহম্মদ এর পাল্টা মামলায় আসামী থাকায় এবং তাদের আইনজীবীবের আবেদনের প্রেক্ষিতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর আজ কবির হোসেন এর আইনজীবী তাদের আসামীর পক্ষে উচ্চ আদালতের জামিনের কাগজ প্রদর্শন করায় তাকেও জামিন দেওয়া হয়।

এই সব তথ্য উভয় মামলার আইনজীবী ও সংশ্লিষ্ট আদালত থেকে নিশ্চিত করা হয়।

ফম/এমএমএ/

আদালত করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম